ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৬৭ শতাংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয় : ইফতেখারুজ্জামান

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমানে সরকারি/বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হন সেবাগ্রহীতারা।

এক জরিপে দেখা গেছে, দেশের ৬৭ শতাংশ সেবাগ্রহীতা কোনো না কোনোভাবে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। যারা ঘুষ দিয়েছেন, তাদের মধ্যে ৭০ শতাংশ মনে করেন এছাড়া সেবা পাওয়ার অন্য কোনো উপায় নেই।

রোববার বিকেলে গাজীপুর জেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি যদি মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ডিজিটে উন্নীত করা সম্ভব। কঠিন হলেও দুর্নীতিরোধ করা অসম্ভব নয়। দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা যদি একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ হন তবে আগামী ১০ বছরের মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো দেশই দুর্নীতিরোধ করতে পারেনি। দুর্নীতি শাস্তিযোগ্য অপরাধ, এটা অবশ্যই দুর্নীতিবাজদের জানাতে হবে। তাদের বিচারের আওতায় আনতে পারলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। দুর্নীতি হ্রাসের আরেকটি শক্তিশালী বিষয় হচ্ছে সামাজিক আন্দোলন।

সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক মো. আয়েশ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গাজীপুর সনাকের সহ-সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সদস্য প্রফেসর এমএ বারী, অধ্যাপক মো. শহীদ উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, গাজীপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সংকর শরণ সাহা, বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান শুকুর ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস প্রমুখ।

মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি