এবার যশোরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার যশোরের একটি আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সদস্য ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আমলি আদালতে এ অভিযোগ দাখিল করেন।
আদালতের বিচারক শাহিনুর রহমান অভিযোগটি গ্রহণ করে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মাহামুদ কবীর কাকন জানান, আসামি মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকার বিরোধী এবং দেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। বিভিন্ন সময়ে দেশদ্রোহিতার অভিযোগে কারাগারে ছিলেন। আসামি গত ১ ডিসেম্বর ঢাকায় ডেমোক্রেটিক কাউন্সিলের ‘গণতন্ত্র উদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশ নেন। সেই সেমিনারে তিনি জনগণের দ্বারা নির্বাচিত আওয়ামী লীগ সরকার এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকী সম্পর্কে কটূক্তি করেন। এছাড়াও জাতির জনকের পরিবারের নিরাপত্তা আইনের বিরুদ্ধে বক্তব্য দেন।
ওই সেমিনারে আসামি ইচ্ছাকৃতভাবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার ও বাংলাদেশকে বহির্বিশ্বে হেয়প্রতিপন্ন করার জন্য গুম-খুন নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেন। যা দেশদ্রোহিতার শামিল। আসামি দেশদ্রোহিতামূলক বক্তব্য দিয়েছেন। আসামি ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করেন বলেও অভিযোগ বাদীর।
সাক্ষীরা হলেন- যশোর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ও জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী।
মিলন রহমান/আরএআর/আইআই