ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : ৫২ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলার গ্রেফতার দুই আসামি রিয়াদ হোসেন ও সৌমিত্র আচার্যকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আবদুল হান্নান ও হাবিবুর রহমান পলাশ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন ছাত্র আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কলেজের ২৩তম ব্যাচের ছাত্র তৌফিকুল ইসলাম ও ইরফানুল হক রুপুকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে তৌফিককে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। শনিবার বিকেল পর্যন্ত তৌফিক আহমেদ ওই হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এদিকে, এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে কলেজের বিভিন্ন বর্ষের ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩৫ জনসহ ৫২ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষার্থী জানায়, বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।

হোস্টেল সুপার ডা. ইজাজুল হক শহরে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। রাত্রীকালীন তিনি হোস্টেলে অবস্থান না করাসহ আইন প্রয়োগকারী সংস্থাকে সময়মতো অবহিত না করার কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সালাউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় মামলার আসামি রিয়াদ হোসেন ও সৌমিত্র আচার্যকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

আরও পড়ুন