ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কীটনাশক পানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

যশোরের চৌগাছায় কীটনাশক পান করে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। শুক্রবার কীটনাশক পান করলে প্রেমিক আল-আমিন (২৫) শনিবার দুপুরে এবং প্রেমিকা আদরী খতুন (১৫) রোববার ভোর রাতে মারা যায়।

নিহত আদরী খাতুন উপজেলার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে বল্লভপুর গ্রামের মুন্তাজ আলীর মেয়ে। আর আল-আমিন পাশের গ্রামের মাকাপুরের মৃধার ছেলে। তার স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।

মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান, আদরী নবম শ্রেণির ছাত্রী। মেয়েটির বাবা এবং আল-আমীন একই সঙ্গে দিনমজুরের (নির্মাণ শ্রমিক) কাজ করত। সেই সূত্র ধরে আল-আমীন ও আদরীর মধ্যে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার বিষয়টি মেনে নেবে না এই ভয়ে শুক্রবার সন্ধ্যায় স্কুলের পাশেই একটি গাবগাছের নিচে বসে দুজনে একসঙ্গে কীটনাশক (ধানখেতের আগাছা মারা ওষুধ) পান করে।

পরে তাদের উদ্ধার করে পুড়াপাড়া বাজারের গ্রাম্য চিকিৎসক চাঁন মিয়ার কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে চৌগাছা উপজেলা কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে আল-আমিন মারা যায়। রোববার ভোরে আদরী খাতুনও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আদরী খাতুনের ভাই সেকেন্দার আলী জানান, প্রেমের বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার আদরীকে বকাঝকা করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় বল্লভপুর স্কুলের মাঠে গিয়ে আদরী ও আল-আমিন কীটনাশক পান করে।

স্থানীয় সুখপুকুরিয়া ইউপি সদস্য বল্লভপুর গ্রামের সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন।

মিলন রহমান/আরএআর/আরআইপি