ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে অপহৃত যুবক উদ্ধার : পিস্তলসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২০ জুলাই ২০১৫

মুক্তিপণের দাবিতে গাজীপুর শহরের শিববাড়ি এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় পিস্তলসহ চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত রুবেল হোসেন (২৭) গাজীপুর শহরের হাজী মো. শামসুল হকের ছেলে। সোমবার ভোর ৫টার দিকে নগরীর চান্দনা চৌরাস্তার দিঘিরচালার একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার মুত আবুল হাসেমের ছেলে রুমেন হোসেন ওরফে জীবন (২৪), উত্তর বিলাসপুরের আবদুর রহমানের ছেলে মাহবুব চৌধুরী, (৩) মাহবুবের কথিত স্ত্রী ধিঘিরচালা এলাকার শাহিনুর আক্তার ওরফে সামিয়া (২৫) এবং (৪) একই এলাকার দীবেন মন্ডলের মেয়ে সুমি আক্তার (২৫)।

র‌্যাব-১ সূত্র জানায়, অপহরণের পরিকল্পনাকারী রুমেন হোসেন জীবন অপহৃত রুবেলের পূর্ব পরিচিত। জমি সংক্রান্ত সমস্যা সমাধানের ফন্দি এটে ৫/৬ মাস আগে জীবন রুবেলের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। গত ৫ জুলাই দুপুর ১২টার দিকে জীবন জমি বিক্রি করে দেওয়ার কথা বলে রুবেনকে ফোন দেয়।

পরে জীবন জমি দর-দাম ঠিক করার কথা বলে রুবেলকে ওইদিন বিকেলে মাহবুবের দিঘিরচালার ভাড়া ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে জীবন, মাহবুব, মাহবুবেব স্ত্রী পরিচয়দানকারী সামিয়া ও সামিয়ার সহযোগী সুমি রুবেলকে নিয়ে এক সঙ্গে ইফতার করে। ইফতারে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খেয়ে রুবেল অচেতন হয়ে গেলে জীবন ও মাহবুব মিলে রুবেলের হাত-পা বেঁধে ফেলে। পরে মাহাবুবের স্ত্রী পরিচয় দানকারী সামিয়া রুবেলের বাবাকে ফোন করে তার ছেলেকে অপহরণ এবং মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে।
 
মোবাইলে সামিয়া আরো জানায়, রুবেলকে বাংলাদেশের সীমান্ত এলাকায় রাখা হয়েছে। টাকা না পেলে ভারতে পাচার করে দেয়া হবে। হাজী শামসুল হক ঘটনাটি লিখিতভাবে র‌্যাব-১ এর কাছে অভিযোগ করেন।  

র‌্যাব-১ এর ডিএডি মো. আবদুল হামিদ জানান, অনুসন্ধান করে তারা জানতে পারেন শাহিনুর আক্তার সামিয়া একজন পতিতা সরবরাহকারী। অভিনয়ের মাধ্যমে প্রথমে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দিয়ে অবস্থান নিশ্চিত হয়ে দলের অপর সদস্যদের গ্রেফতার এবং রুবেলকে উদ্ধার করা হয়।
                    
আমিনুল ইসলাম/এআরএ/পিআর