ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতে ম্যাপ এঁকে সিদ্ধান্ত দেন এসআই

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

গোপালগঞ্জের কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন গ্রামের প্রায় দেড় শতাধিক লোক অংশ নেয়।

এ সময় এলাকাবাসী বলেন, এসআই শামীম উদ্দিন সেনাসদস্য বশির আহমেদকে উসকানি দিয়ে তার স্ত্রীকে দিয়ে এলাকার নিরীহ লোকজনকে মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি ওই সেনা সদস্যের স্ত্রীর পক্ষ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এসআই শামীম। নিজ হাতে ম্যাপ এঁকে ভূমি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত দেন এসআই শামীম।

সেইসঙ্গে এসআই শামীম স্থানীয়দের কাছে মোটা অংকের উৎকোচ দাবি করে না পেয়ে স্থানীয়দের কোর্টে নিয়ে দেখে নেয়ার হুমকি দেন। এর কয়েকদিন পরেই ওই নারী পুলিশের উসকানিতে আদালতে ৯ জনকে আসামি করে মামলা করেন বলেও অভিযোগ এলাকাবাসীর।

মানববন্ধনে এলাকাবাসী আরও জানায়, এসআই শামীম উদ্দিন মামলার বাদী হুসনা বেগমকে সঙ্গে নিয়ে আসামির বাড়িতে তদন্ত করতে যান। এ সময় আসামি এসআই শামীমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো পাত্তা দেননি বরং হুসনা বেগমের পক্ষে সাফাই গান এসআই। ঘটনাস্থলের আশপাশের কারোর কথা না শুনে ওই নারীর পক্ষে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন শামীম। এসআই শামীমের শাস্তির দাবিতে বিভাগীয় তদন্তের জোর দাবি জানাই আমরা।

এ ব্যাপারে এসআই শামীম উদ্দিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ওয়াহিদা রহমান হুসনা নামে এক নারী আদালতে একটি মামলা করেন। আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রতিবেদন আদালতে পাঠিয়ে দিয়েছি। সত্য-মিথ্যা আদালত প্রমাণ করবে।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি

আরও পড়ুন