ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগ কর্মীর রগ কাটলো ছাত্রলীগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরিফ হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীর পায়ের রগ ও হাতের আঙুল কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন ধারাল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে। এতে জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কারণে সংঘর্ষ হয়নি। বুধবার দুপুরে উপজেলার ভুলতা পুরাতন বাজার এলাকায় ঘটে এ ঘটনা। আহত আরিফ হোসেন উপজেলার পাচাইখা এলাকার মৃত আইবুর রহমানের ছেলে। তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমলাবো এলাকায় নুরে আলম ও ইমন নামে দুই ছাত্রলীগ কর্মী মিলে প্রতিপক্ষ অপর ছাত্রলীগ কর্মী দুর্জয়কে লাঠিপেটা করে।

লাঠিপেটা করার সময় সুমন মিয়া নামে একজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে রাত ৮টার দিকে দুর্জয়সহ তার লোকজন ভুলতা পুরাতন বাজারের অবস্থিত চায়ের দোকানে গিয়ে সুমন মিয়াকে না পেয়ে সুমনের বাবা জিন্নাত হোসেনকে মারধর ও শরীরে গরম পানি ঢেলে দেয়। এ সময় জিন্নাত হোসেনসহ তার লোকজনের সঙ্গে দুর্জয়ের হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুর্জয়সহ তার লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কোড়ালসহ ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে ভুলতা পুরাতন বাজার এলাকায় মহড়া দেয়।

প্রতিপক্ষ নুরে আলম ও ইমনসহ তাদের লোকজনও ধারাল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা মহড়া দেয়। এতে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুর্জয়সহ তার পক্ষের লোকজন প্রতিপক্ষ নুরে আলম ও ইমন সমর্থক আরিফ হোসেনকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। এ সময় অস্ত্র দিয়ে আরিফের ডান হাতের একটি আঙুল ও বা পায়ের দুটি রগ কেটে ফেলে।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। কোনো পক্ষ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চায় তাহলে ছাড় দেয়া হবে না।

মীর আব্দুল আলীম/এএম/জেআইএম

আরও পড়ুন