কেশবপুরে যুবককে কুপিয়ে হত্যা
যশোরের কেশবপুর উপজেলায এক যুবককে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ও আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মরদেহ উদ্ধারের পর বুধবার দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য যশোর হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) উপজেলার হিজালডাঙ্গা গ্রামের সোহরাব মোড়লের ছেলে।
নিহতের ছোট ভাই মুন্না মোড়ল জানান, তার ভাই মামুন ব্যাবসায়িক কাজে মঙ্গলবার বিকেল থেকে মঙ্গলকোট বাজারে অবস্থান করছিলেন।
রাত ৯টার দিকে তার বাড়ি ফেরার কথা ছিল। বাড়িতে না ফেরায় রাত ১০টার দিকে তাকে মোবাইলে ফোন করলে কয়েকবার রিং বেজে বন্ধ হয়ে যায়। তার ভাইয়ের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা ছিল এবং তার ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ছিল। রাতে বাড়িতে না ফেরায় তারা সম্ভাব্য সব জায়গায় ফোন করেও তার খোঁজ পাননি।
বুধবার সকালে এলাকাবাসী কেশবপুর পৌরসভার সফরাবাদ গ্রামের সিদ্দিকুর রহমানের কচুখেতে আব্দুল্লাহ আল মামুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহম্মেদ জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবা সোহরাব মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
মিলন রহমান/এএম/এমএস