কক্সবাজার কোটি টাকার ইয়াবাসহ দু’জন গ্রেফতার
কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গা ও বাংলাদেশি যুবককে আটক করেছে র্যাব-৭ সদস্যরা। সোমবার বিকেল ৫টার দিকে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু কোয়ার্টার-৫ এলাকার বাসিন্দা ও বর্তমানে বালুখালী শরণার্থী ক্যাম্পের ব্লক-ডির অধিবাসী মো. হোসেনের ছেলে নুর ফয়েজ (৩০) ও চট্টগ্রামের হাটহাজারি পশ্চিম মির্জাপুরের মৃত মাহমুদ খলিলের ছেলে মঞ্জুর আলম (২৯)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা লেনদেন করবে এমন খবর পেয়ে অভিযান চালায়। এসময় সোর্সের দেখানো মতে নুর ফয়েজ (৩০) ও মঞ্জুর আলমকে (২৯) আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আসামিদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হচ্ছে।
সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি