ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিমান বিধ্বস্তে নিহত বিপাশার বাড়িতে যশোরের ডিসি

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৫ মার্চ ২০১৮

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে নিহত সানজিদা হক বিপাশার বাবার বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানিয়েছেন যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল আওয়াল। বৃহস্পতিবার দুপুরে তিনি বিপাশার বাবা সাবেরুল হকের উপ-শহরের এ ব্লকের ২৪৫ নম্বর বাড়িতে যান।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।

জেলা প্রশাসক আসার খবর শুনে উপ-শহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ওই বাড়িতে উপস্থিত হন।

plane

জেলা প্রশাসক বেশ কিছু সময় ওই বাড়িতে কাটান। তিনি শোকগ্রস্ত স্বজনদের বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। আপনারা যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি।

পরে জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন, বিমান দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের নিহত হওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক। আমি জেলা প্রশাসক হিসেবে রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ করতে এসেছি। এ পরিবারের পাশে রাষ্ট্র ও সরকার থাকবে।

যশোরের মেয়ে সানজিদা হক বিপাশা (৩৮) সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রোগ্রাম অফিসার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তার স্বামী মো. রফিকুজ্জামান (৪৫) ব্যবসায়ী। একমাত্র ছেলে মো. অনিরুদ্ধ জামান (৮) দ্বিতীয় শ্রেণির ছাত্র। গত সোমবার কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে তারাও রয়েছেন।

মিলন রহমান/আরএআর/জেআইএম

আরও পড়ুন