ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বন্ধ হলো কক্সবাজার সরকারি কলেজের সেই রাস্তা নির্মাণ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১০:১২ এএম, ১৯ মার্চ ২০১৮

কলেজ প্রশাসনকে অন্ধকারে রেখে শুরু করা কক্সবাজার সরকারি কলেজের জমিতে রাস্তা নির্মাণ প্রকল্প অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ রাখতে প্রকল্পের সভাপতি শেখ ইয়াকুব আলীকে লিখিতভাবে নির্দেশ দেন।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছর বাস্তবায়নের জন্য কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সয়মুম সরওয়ার কমল গ্রামীণ অবকাটামো সংস্কারের জন্য কাবিটা খাতে ৪টি প্রকল্প অনুমোদন দেন। উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে দাখিল করেন। প্রকল্পের মধ্যে অনুমোদিত তালিকার ১ নম্বর প্রকল্প ‘কক্সবাজার সরকারি কলেজের ২ নম্বর সড়ক’ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। যার সভাপতি হিসেবে নাম রয়েছে ইয়াকুব আলী নামে এক ব্যক্তির। পরবর্তীতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় ৮ মার্চ এক স্বারকমূলে এর অনুমোদন দেয়। পরিপত্র মোতাবেক উপজেলা কমিটিও অনুমোদন প্রদান করে প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদন করে। উপ বরাদ্দও প্রদান করা হয়।

কিন্তু অনুমোদন পাওয়ার পর প্রকল্প অফিসকে অবহিত না করে গোপনে প্রকল্প বাস্তবায়ন কমিটি ভিন্ন জায়গায় রাস্তা নির্মাণ শুরু করে। উক্ত জায়গায় মামলা থাকায় এবং আদালত কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকায় কলেজ কর্তৃপক্ষ চিঠি পাঠায়। এ অবস্থায় কলেজে সাধারণ শিক্ষার্থী এবং সচেতন মহল প্রতিবাদ শুরু করে। শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামালোচনা এবং প্রতিবাদ করা হলেও পরবর্তীতে কলেজের জমি রক্ষায় সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করে।

CGC-Pic-1

নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স বলেন, ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান এবং উক্ত জায়গার উপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে। তাই ওই জায়গায় রাস্তা নির্মাণ করা আইনসিদ্ধ নয়। তাই কাজ বন্ধ রাখতে প্রকল্পের সভাপতির কাছে আদেশ পাঠানো হয়েছে। এরপরও কাজ চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকল্প বাস্তবায়ন সভাপতি ইয়াকুব আলী ইমন বলেন, কাজ বন্ধ রাখতে মৌখিক নির্দেশনা পেয়েছি। লিখিত নির্দেশনা পেলে বিস্তারিত জানতে পারবো।

উল্লেখ্য, কক্সবাজার সরকারি কলেজের ২নং রাস্তা নির্মাণের জন্য সাড়ে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কলেজে রাস্তা নির্মাণ প্রকল্প হলেও তা জানে না কলেজ প্রশাসন। কলেজের সাথে স্থানীয় এক ব্যক্তির মালিকানা বিরোধ নিয়ে মামলা চলা জমিতে শেখ রাসেল সড়ক নাম দিয়ে কাজ শুরু করে প্রকল্প কমিটি। কাজ তদারকির দায়িত্বে ছিলেন কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

আরও পড়ুন