ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল-যশোর মহাসড়ক দ্রুত প্রশস্তকরণের দাবি

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৩ মার্চ ২০১৮

গাছ রক্ষা নয়, দ্রুততম সময়ের মধ্যে যশোর-বেনাপোল মহাসড়কটি ছয় লেন দেখতে চায় বেনাপোল ও যশোরের নাগরিক সমাজ। সময়ের প্রয়োজনে গাছ কেটে ফেলেই সড়কটি প্রশস্ত করার ব্যাপারে জোরালো দাবির প্রেক্ষিতে শুক্রবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোল-যশোর মহাসড়ক সরেজমিন পরিদর্শন করেন। পরে তারা বেনাপোল পর্যটন মোটেলে স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহম্মদ তৌফিক এমপির নেতৃত্বে এ কে এম এ আওয়াল এমপি, নাজমুল হক প্রধান এমপি, মনিরুল ইসলাম এমপি ও শেখ আফিল উদ্দিন এমপিসহ সড়ক সচিব ফজলুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

যশোর নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, আলহাজ নুরুজ্জামান, আলহাজ নাসির উদ্দিন, এনামুল হক মকুল, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন প্রমুখ।

এ সময় সংসদীয় উপ-কমিটির সভাপতি রেজওয়ান আহম্মেদ তৌফিক বলেন, যারা উন্নয়নে বাধা সৃষ্টি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এটা স্বাধীনতার মাস। দ্রুত এ মহাসড়কের কাজ শুরু হবে। এ সড়কটি ৮ লেনের মাস্টার প্লান করে ৬ লেনে উন্নীত করা হবে। এ সড়ক নির্মাণের পর দু’পাশ দিয়ে বনায়ন করা হবে।

সভায় গাছ রেখে সড়ক প্রশস্ত করলে শত শত একর কৃষি জমি নষ্ট, কৃষিতে নেতিবাচক প্রভাব ও শেঁকড়ের কারণে ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ হবে বলেও মত প্রকাশ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঐতিহ্য স্মারক বৃক্ষ রক্ষার দাবিতে দেয়া আইনি নোটিশ এবং হাইকোর্টে দাখিল করা রিটটিও তুলে নেয়ার দাবি তোলা হয়েছে।

এর আগে সকালের দিকে বেনাপোল বন্দর এলাকায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, বন্দর ব্যবহারকারী সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বেনাপোল প্রেস ক্লাব, ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

গত ১৮ জানুয়ারি উচ্চ আদালত ৬ মাসের জন্য বেনাপোল-যশোর মহাসড়কের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা দেন। ফলে সড়ক এ সম্প্রসারণ কাজ ঝুলে যায়।

জামাল হোসেন/আরএআর/পিআর