ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজনীতির মূল কথা দেশ ও সমাজের উন্নতি : পলক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০২ এপ্রিল ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত শুধু কক্সবাজারের নয়, এটি বাংলাদেশের সম্পদ। তাই সৈকত পরিচ্ছন্ন রাখা সব নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। ময়লা না ফেললে পরিস্কারেরও দরকার নেই। নিজের হাতের ময়লাটি নিজে সংরক্ষণ করলে কোথাও আবর্জনা থাকবে না। এ সচেতনতা তৈরির লক্ষ্যে ছাত্রলীগের পরিচ্ছন্নতার উদ্যোগ প্রশংসনীয়।

সোমবার কক্সবাজার সৈকতে জেলা ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ স্লোগানে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি মানে শুধু মিছিল, সভা-সমাবেশ নয়। রাজনীতি হলো সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সমানভাবে কাজ করা। কারণ দেশ ও সমাজের উন্নতিই রাজনীতির মূল কথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিক্ষাটি দিয়ে গেছেন। কক্সবাজার জেলা ছাত্রলীগ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সৈকত পরিচ্ছন্নতার যে উদ্যোগ নিলো তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহামদ, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, সৈকতের বালিয়াড়ি আবর্জনা মূক্ত করার মধ্যদিয়ে দেশের ভবিষ্যৎ রাজনীতিও আবর্জনামুক্ত করার মানসিকতা তৈরি করতে ছাত্রলীগ এমন কার্যক্রম হাতে নিয়েছে। এখান থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের ময়লা নিজেরাই সাফ করার শিক্ষা নেবে বলে আমার বিশ্বাস।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

আরও পড়ুন