ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : নিখোঁজ ৯

প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৭ জুলাই ২০১৫

কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ফিশিং ট্রলার ডুবে জুবাইদ (৩২) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ৫ জেলেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।  এদের মধ্যে শমসু মাঝি, এনায়েত উল্লাহ ও মো. হানিফ নামে তিনজনের পরিচয় জানা গেছে।  এতে আরো ৯ জেলে নিখোঁজ রয়েছে।

সোমবার দুপুরে ট্রলার ডুবির এ ঘটনাটি ঘটে।  উদ্ধার জেলেদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্ধার শমসু মাঝি জানান, তিনদিন আগে তারা ১৫ জন সাগরে মাছ ধরতে যান।  বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকালে উপকূলে ফিরতে রওয়ানা দেয় তারা।  পথে ট্রলারটি উত্তাল ঢেউয়ে শহরের ডায়বেটিক পয়েন্ট এলাকা বরাবরে উল্টে যায়।  এ ঘটনায় একজনকে মৃত এবং আরো ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার জুবাইদকে মুমূর্ষাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এঘটনায় ৯ জন নিখোঁজ রয়েছে।  তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
 
এদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে থাকায় শনিবার থেকে সাগর উত্তাল রয়েছে।  ঢেউ আছড়ে সাগরে টিকতে না পেরে শত-শত ফিশিং ট্রলার কক্সবাজার মৎস্য অতবরণ এলাকার কাছাকাছি আশ্রয় নিয়েছে।  উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় আবহাওয়া বিভাগ কক্সবাজার সমুদ্র বন্দরসহ কয়েকটি বন্দরে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত জারি করেছে।  উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও মাছধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যা থেকে কক্সবাজার উপকূলে ৩নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে।  উপকূলীয় এলাকায় মাইকিং করে লোকজনকে নিরাপদ এলাকায় অবস্থান নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি