ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. আব্দুল হান্নান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকার মৃত কামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৩৩) ও সোনারগাঁ উপজেলার কোনাবাড়ি এলাকার তাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৩১)।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেফতার করে। পরে সাইফুলের দেয়া তথ্য অনুসারে তাকে নিয়ে র্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনাগাঁয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশীয় হ্যান্ডগ্রেনেডের বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় তখন বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এর মধ্যে টাঙ্গাইলের একটি মামলায় সাইফুলের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে চারটি মামলায় সাইফুলের সাজা হল।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

আরও পড়ুন