মণিরামপুরে দুই পরিবারের মারামারিতে নিহত ১
যশোরের মণিরামপুরে মন্দিরের পথ নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে মারামারিতে জগবন্ধু দাস (৫৬) নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মণিরামপুর উপজেলা ঝাঁপা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আহতরা হলেন- নিহত জগবন্ধুর স্ত্রী জোছনা রানী দাস (৪৫) ও তার মেয়ে সম্পারানী দাস, অপর ভাই শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়া রানী দাস (৪৫) ও মেয়ে পার্বতী (১৮)।
জোছনা রানী দাস দাবি করেন, এলাকার মন্দিরে যাওয়ার রাস্তা তাদের জমির ওপর দিয়ে। এই রাস্তা নিয়ে তার ভাসুর শ্যামপদ দাসের সঙ্গে স্বামী জগবন্ধুর দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ভাসুর শ্যামপদ, তার স্ত্রী মায়ারানী দাস ও মেয়ে পার্বতী আচমকা কোদাল দিয়ে তাদের মেয়ে সম্পা দাসের মাথায় আঘাত করেন। এ সময় জগবন্ধু তাদের বাধা দিতে গেলে তারা তাকে বেদম মারপিট করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই জগবন্ধু মারা যান। প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে জগবন্ধুর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়ারনী দাস (৪৫) ও মেয়ে পার্বতী দাসকে (১৮) আটক করেছে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু জানান, মাস খানেক আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসির মাধ্যমে তাদের দ্বন্দ্ব মীমাংসা করা হয়। এর কয়েকদিন পর রাজগঞ্জ পুলিশি তদন্ত কেন্দ্রর ইনচার্জ আকরাম হোসেন চৌধুরী সেখানে যান।
স্থানীয় একটি সূত্র জানায়, পুলিশি তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্যামপদের পক্ষ নিয়ে সেখানে যাওয়ার পর পুনরায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এরই জের ধরে এ মারামারি ঘটনা ঘটে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক শ্যামপদ ও তার স্ত্রী-কন্যা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মিলন রহমান/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড
- ২ শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ৩ যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি: আন্দালিব রহমান পার্থ
- ৪ রিকশা মার্কায় ভোট চাওয়ায় মাদরাসাশিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ
- ৫ বাংলাদেশে জামায়াত-শিবিরের মাথা উঁচু করে রাজনীতি করার অধিকার নেই