ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্মশানঘাটে মাদরাসা কর্মচারীর মরদেহ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০২:৪২ পিএম, ১১ মে ২০১৮

যশোরের বাঘারপাড়ায় এক মাদরাসা কর্মচারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসাদুজ্জামান আসাদ (৫০) উপজেলার নারিকেলবাড়িয়া পশ্চিমা গ্রামের ইসহাক মোল্লার ছেলে ও পশ্চিমা মাদরাসার কেরানি ছিলেন।

শুক্রবার সকালে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া চিত্রা নদীর পাশে শ্মশানঘাট থেকে তার বস্তাবন্দি মরদহ উদ্ধার করা হয়। তাকে গলাকেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

নিহতের স্বজনদের দাবি, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে হত্যা করে মরদেহটি বস্তাবন্দি করে শ্মশানঘাটে ফেলে দেয়।

নিহতের চাচাতো ভাই কুদ্দুস হোসেন জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে আসাদ নারিকেলবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এরপর তার সন্ধান না পেয়ে বুধবার বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম জানান, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ নিহত আসাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি মনজুরুল আলম বলেন, কয়েকটি বিষয় পুলিশ খতিয়ে দেখছে। দু’জন নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল বলে অনেকে বলছেন। এটির পাশাপাশি আসাদ নিয়মিত গাঁজা সেবন করতেন। তাই মাদক নিয়ে বিরোধের বিষয়টিও সন্দেহের তালিকায় রয়েছে। এছাড়া জমি নিয়ে ভাইদের সঙ্গে বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

মিলন রহমান/এফএ/এমএস

আরও পড়ুন