দু’দিন ধরে নেত্রকোনায় পানি ও বিদ্যুৎ নেই
শুক্রবার সকালের কালবৈশাখী ঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর থেকে নেত্রকোনা শহরে নেই বিদ্যুৎ ও পানির সরবরাহ। সমস্ত লাইন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। পানির জন্য হাহাকার পড়ে গেছে শহরজুড়ে। দু’দিন ধরে পানির জন্য দিক-বিদিক ছুটতে হচ্ছে সঙ্কটগ্রস্ত মানুষকে।
শহরের ভেতর দিয়ে মগড়া নদী প্রবাহিত হলেও দূষণের কারণে এর পানি ব্যবহার অযোগ্য। একই অবস্থা পুকুরগুলোরও। ফলে গোটা শহরে যে কয়েকটি টিউবওয়েল চালু আছে সেগুলোতে খাবার পানি সংগ্রহের জন্য লম্বা লাইন ধরতে দেখা গেছে। বোতলজাত পানি কেনারও হিড়িক পড়েছে। সেটাও সব দোকানে মিলছে না।

কেউ কেউ জেনারেটর ভাড়া করে এনে বাসার ট্যাংক ভরছেন। ৫শ লিটারের একটি পানির ট্যাংক ভরতে হচ্ছে ৫শ টাকার বিনিময়ে। কিন্তু জেনারেটরের সিডিউলও মিলছে না। বাজারে মোমবাতির স্টক প্রায় শেষ। ১০ টাকার মোমবাতি বিক্রি হচ্ছে ২০ টাকায়। চার্জ দিতে না পারায় শহরে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মোবাইল ফোনও। বিদ্যুৎ লাইন কখন চালু করা সম্ভব হবে খোদ বিদ্যুৎ বিভাগও বলতে পারছে না।

জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন জানান, শনিবার সন্ধ্যার মধ্যে শহরের কোনো কোনো এলাকায় বিদ্যুত সংযোগ চালু হতে পারে।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করছি। পুরো জেলায় কর্মকর্তাদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
কামাল হোসাইন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম