কুমিল্লায় আগুনে পুড়ল ২৫ দোকান, ক্ষতি ২ কোটি টাকা
কুমিল্লার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের কমপক্ষে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার অন্যতম বাণিজ্যিক স্থাপনাসমৃদ্ধ চকবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে একের পর এক দোকান ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় লোকজনের প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। প্রথম দুইটি ইউনিট কাজ করে, পরে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শংকর চন্দ্র সাহা জানান, অগ্নিকাণ্ডের সময় আমি দোকানে ছিলাম না। আগুনে আমার দোকানে থাকা নগদ ৮০ হাজার টাকা ও সকল মালামাল পুড়ে গেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকতা আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে সর্বমোট ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম