ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র-মাদক উদ্ধার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৫ মে ২০১৮

কুমিল্লায় থানা ও ডিবি পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযানে কামাল হোসেন প্রকাশে ফেন্সি কামাল (৫১) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ কেজি গাঁজা ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

নিহত কামাল হোসেন জেলার আদর্শ সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে অংশ নেয়া কুমিল্লা ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার এবং ডিবির ওসি নাছির উদ্দিন মৃধার নেতৃত্বে দুটি টিম উপজেলার মহিষমারা এলাকায় অবস্থান নেয়। রাত ১২টার দিকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল হোসেন ও তার সহযোগীদের মাদক পাচারকালে পুলিশ আটকের চেষ্টা চালায়।

ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা ৩৪ রাউন্ড গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী ফেন্সি কামাল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

অভিযানে ডিবির এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই সাহাবুল হোসেন ও কনস্টেবল সুমন মিয়া আহত হন। ঘটনাস্থল থেকে হানিফ ও ইলিয়াস নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত হানিফ (৪২) জেলার আদর্শ সদর উপজেলার ছাওয়ালপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে এবং ইলিয়াস (২৮) জেলার চান্দিনা উপজেলার কোরপাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, নিহত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং ও কোতয়ালী মডেল থানায় ১২টির অধিক মাদকের মামলা রয়েছে। তার মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মো. কামাল উদ্দিন/বিএ

আরও পড়ুন