যশোরে সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি কারাগারে
যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবালকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সিটি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মনিহার চত্বর প্রদক্ষিণ করেছে। এ সময় কলেজের ক্লাস বন্ধ হয়ে যায়। ইকবাল শহরের নীলগঞ্জের আমারত হোসেনের ছেলে। তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশ ও ছাত্রলীগ নেতারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ইকবালের নামে ২০১২ সালে একটি মারামারির মামলা হয়। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হুসাইন বলেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হত্যার বিচারের দাবিতে আন্দোলনের ‘অপরাধে’ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ।
সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনের দাবি, রাজনৈতিক কারণে ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলেছে, ইকবালের বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট আছে। আমরা ওয়ারেন্টের কাগজ দেখতে চাইলে পুলিশ দেখাতে পারেনি।
তিনি বলেন, গত ২৬ মার্চ রাতে কলেজ কমিটির যুগ্ম-সম্পাদক রাকিব হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হন। ওই খুনের বিচারের দাবিতে ইকবালের নেতৃত্বে আমরা আন্দোলন করি। পুলিশ রাকিব খুনে জড়িতদের গ্রেফতার করতে পারেনি। আন্দোলন করায় ইকবালকে গ্রেফতার করা হয়েছে।
মিলন রহমান/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ