পুলিশের বিরুদ্ধে ৩ ছাত্রলীগ নেতাকর্মীকে ফাঁসানোর অভিযোগ
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ছিনতাই মামলায় ছাত্রলীগের তিন নেতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
অভিযুক্তদের দাবি, পুলিশ কর্মকর্তা মিথ্যা মামলায় তাদের ফাঁসিয়েছে। বাদী মামলা প্রত্যাহারের জন্য ইতোমধ্যে আদালতে এফিডেভিট করেছেন। তারপরও তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছার দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম মঙ্গলবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও একই উপজেলার বড়কুলি গ্রামের আমিনুর রহমানের ছেলে ইনজামামুল হক ইমন, ছাত্রলীগ কর্মী সদর উপজেলার ফরিদপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মুশফিকুর রহমান সাগর ও একই গ্রামের আবদুল মান্নানের ছেলে আমিরুল ইসলাম।
জানা যায়, গত ১৪ মে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আসামি করে দ্রুত বিচার আইনে চৌগাছা থানায় মামলা করেন জনৈক সায়েম আলী। মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছার দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম তদন্ত শেষে মঙ্গলবার আদালতে চাজর্শিট দাখিল করেছেন।
তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইনজামামুল হক ইমন পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, গত ১৪ মে সন্ধ্যায় আমি ও আমার দুই বন্ধু ছাত্রলীগ কর্মী মুশফিকুর রহমান সাগর ও আমিরুল ইসলাম মোটরসাইকেলে যোগে সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি থেকে ফিরছিলাম।
পথিমধ্যে মোটরসাইকেলে তেল শেষ হয়ে যাওয়ায় কাবিলপুরে আমরা দাঁড়িয়ে পড়ি। এ সময় সেখান থেকে সায়েম আলী নামে এক যুবক সস্ত্রীক যাচ্ছিলেন। কিন্তু পুলিশ আমাদের তিনজনসহ সায়েমকে ওই সময় থানায় নিয়ে যায়।
সেখানে নিয়ে আমাদের তিনজনের নামে সায়েমকে দিয়ে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করে। স্থানীয় এক শীর্ষ জনপ্রতিনিধির ইন্ধনে আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ওই পুলিশ কর্মকর্তার নানা অপর্কমের প্রতিবাদ করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল। একই সঙ্গে স্থানীয় শীর্ষ একজন প্রতিনিধির ইন্ধনে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মামলার বাদীকে চাপে রেখে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। বাদী মামলা প্রত্যাহারের জন্য এফিডেভিটও করে দিয়েছেন।
মামলার তদন্তকর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনগণ গণপিটুনি দিয়ে তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে। পরে তাদের থানায় নেয়া হয়। এরপর মামলা হয়েছে। তদন্তু ওই তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগের প্রমাণ পাওয়ায় চার্জশিট দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাদী টাকা খেয়ে আপোস করে ফেলেছে। আদালতে এভিডেভিটও করেছে। আমি ঘটনার সত্যতা পেয়েছি। আদালতে চার্জশিট দিয়েছি। এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে।
মিলন রহমান/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ