ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার ঈদ উপহার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১০ জুন ২০১৮

রোহিঙ্গাদের অবস্থানের কারণে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকার ঈদ সহায়তা দিয়েছেন। এতে আর্থিক সহায়তার পাশাপাশি দ্রব্যসামগ্রীও রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার কক্সবাজারের ৮ উপজেলা প্রশাসনের প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের টাকা আনুপাতিক হারে হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জেলার ৩৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া এ ঈদ সামগ্রী ও নগদ সহায়তা প্রদান করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, নিজ দেশ মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে নব্বই দশক থেকেই সীমান্ত প্রতিবেশি বাংলাদেশে ঢুকেছে রোহিঙ্গা জনগোষ্ঠী। তবে গত বছরের শেষ দিকে পাশবিকতার শিকার হয়ে এক সঙ্গে ঢুকেছে প্রায় ৭ থেকে ৮ লাখ রোহিঙ্গা। পূর্বের অবস্থানকারীসহ এ সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১০ থেকে ১২ লাখে। এত সংখ্যক আশ্রিতদের কারণে স্থানীয় জনগোষ্ঠী চরম ক্ষতির মুখে পড়েছে।

তিনি বলেন, উখিয়া-টেকনাফের চাষিদের জন্য সরকার আধুনিক ধানমাড়াই মেশিন সরবরাহ দিয়েছে। এবার ঈদুল ফিতরে উপহার হিসেবে দেয়া হচ্ছে প্রায় ১০ কোটি টাকার সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার জেলার ৩৩ হাজার পরিবারকে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতেই রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে আনুপাতিক হারে চেক ও ঈদসামগ্রী তুলে দেয়া হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মককর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

আরও পড়ুন