নারায়ণগঞ্জে তিন সাংবাদিকের জামিন
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশের করা তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন তিন সাংবাদিক।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে ওই তিন সাংবাদিক হাজির হলে আদালত তিনজনকেই আইনজীবীর জিম্মায় জামিন দেন।
জামিন পাওয়া তিনজন হলেন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল, সময়ের নারায়ণগঞ্জের সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল ও যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান।
তিনজনের পক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি মোহসীন মিয়া, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, আইনজীবী সমিতির সহসভাপতি আজিজ আল মামুন, কোষাধ্যক্ষ নূরুল আমীন মাসুম, শাহ্ মাজহারুল ইসলাম, শরীফুল ইসলাম শিপলু ও নঈম উদ্দিন তপন প্রমুখ।
আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মোহসীন মিয়া জানান, ২১ জুন ছিল মামলার নির্ধারিত ধার্য তারিখ। এদিন বাদী ও তাদের আইনজীবী কেউ আদালতে উপস্থিত হননি। আমরা বিবাদীদের জামিন চেয়েছি। আদালত শুনানি শেষে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত বিবাদীদের জামিন দিয়েছেন।
অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু জানান, মামলাটি যে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে সেটা প্রমাণিত। কারণ নির্ধারিত তারিখে বাদী ও তাদের আইনজীবী ছিলেন না। তাছাড়া মামলার কোথাও বাদীর নাম নাই। এতেই প্রতীয়মান যে হয়রানির জন্যই বাদী মামলাটি করেছেন।
জানা গেছে, একটি সংবাদ প্রকাশের কারণে দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের বিরুদ্ধে ১০ কোটি, ইত্তেফাকের নারায়ণগঞ্জ সংবাদদাতা ও স্থানীয় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ কোটি এবং দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েলের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়। ওই সংবাদ প্রকাশের পর শুধু মামলা নয় তার বাহিনীর সদস্যরা ফতুল্লায় মিছিল করে সাংবাদিকদের চামড়া তুলে নেওয়ার হুমকিও দেন।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস