ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ৫০ দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:২১ এএম, ২৪ জুন ২০১৮

কুমিল্লার হোমনা উপজেলার ব্যস্ততম রামকৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। পরে বাজারের ব্যবসায়ীরা ৯৯৯ নম্বরে কল করার পর ঘটনাস্থলে ছুটে যায় হোমনা, মুরাদনগর ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

পরে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী।

তিনি জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি, আগুনে বাজারের প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছে। বাজারের ৩টি গ্যাস সিলিন্ডারের দোকানের আগুন ছড়িয়ে পড়ার কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

media

এদিকে আগুনের খবর পেয়ে পুলিশ ছাড়াও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ নাজমুস সোয়েব ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকী করেন।

হোমনা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম সাজু জানান, একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে ক্রমেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবসায়ী দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাওয়ায় অনেকেই মালামাল বের করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমএস

আরও পড়ুন