ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ইয়াবাসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১১ জুলাই ২০১৮

কক্সবাজারের টেকনাফে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফের সাবরাং শাহ পরীরদ্বীপ ক্যাম্প পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে ছৈয়দ উল্লাহ ভুট্টো (২০) ও টেকনাফ সদরের হাবীরপাড়া এলাকার মৃত তৈয়বের ছেলে মো. ইউসুফ (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার অফিস সূত্র জানায়, অধিদফতরের টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মো. নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম টেকনাফ পৌর এলাকার আলো শপিং কমপ্লেক্সের সামনে ইয়াবা বিক্রির গোপন সংবাদে অভিযানে যান। এ সময় দুই যুবকের অবস্থান সন্দেহজনক দেখে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধরে তল্লাশি করে হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক যুবকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

আরও পড়ুন