ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০১:০২ পিএম, ০৩ আগস্ট ২০১৮

নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকে বেনাপোলে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে দিয়েছে মালিক শ্রমিক সংগঠন। ফলে ভারত থেকে আসা শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। বাস চলাচল বন্ধ থাকায় সীমান্ত এলাকার পরিবহন কাউন্টারে সময় কাটাচ্ছেন এসব যাত্রীরা। স্থানীয় লোকজন টিকিট ফেরত দিয়ে বাড়ি ফিরে গেছেন।

জানা গেছে, ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের যানবাহন থামিয়ে হয়রানি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে মালিকরা বাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া শ্রমিকরাও জীবনের নিরাপত্তার কথা জানিয়ে বাস চালাতে অপারগতা প্রকাশ করেছেন।

এদিকে হঠাৎ বেনাপোল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন ভারত থেকে আসা কয়েকশ যাত্রী। গন্তব্যে ফিরতে না পেরে বিভিন্ন বাস কাউন্টারে তারা অপেক্ষা করছেন।

Benapole

পরিবহন কর্তৃপক্ষ বলছে, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা বাস ছাড়তে পারবেন না। এতে তাদের কিছু করার নেই। ছোট ছোট যানবাহন চললেও সেগুলোতে কোনো নিরাপত্তা নেই।

সোহাগ পরিবহনের বেনাপোল ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, সড়কে নিরাপত্তার কারণে পরিবহন না ছাড়তে নির্দেশ দিয়েছেন মালিকপক্ষ। শ্রমিকরাও এ অবস্থার মধ্যে গাড়ি চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের যানবাহন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কেউ রাস্তায় গাড়ি বের করবে না।

বেনাপোল পরিবহন শ্রমিক নেতা মনির হোসেন জানান, নিরাপত্তার কারণে কোনো শ্রমিক বাস চালাতে রাজি হচ্ছেন না। মালিকরাও এ ব্যাপারে সুষ্ঠু সিন্ধান্ত না হওয়া পর্যন্ত সড়কে বাস নামাতে চাচ্ছেন না। সব কিছু মিলিয়ে যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মালিক-শ্রমিকরা।

জামাল হোসেন/এফএ/পিআর

আরও পড়ুন