ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘মোহাম্মদপুর থেকে সাড়ে ৪ হাজার স্কুল ড্রেস বানানো হয়েছে’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:১০ পিএম, ০৪ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সারাদেশে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে যে দাবি জানিয়েছে তা ইতোমধ্যে পূরণ হয়েছে। তারপরও শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে?

তিনি বলেন, আমার কাছে তথ্য আছে, ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি টেইলার্সের দোকান থেকে সাড়ে ৪ হাজার স্কুল ড্রেস বানানো হয়েছে। প্রকৃত শিক্ষার্থীদের সঙ্গে এখন স্কুল ড্রেস পরে আন্দোলনে ঢুকে পড়ছে ষড়যন্ত্রকারীরা। ট্রাকে করে ছেলে-মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে। ট্রাকের মধ্যেই তাদের জামা পরিবর্তন করিয়ে নামিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন স্পটে। দেশটাকে ধ্বংস করতে পাঁয়তারা করছে তারা। এরা কারা? তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করতে হবে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের শাপলা চত্বর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আপনাদের সন্তানদের খবর নেন। তারা আন্দোলন যা করার করেছে। আমি গর্বিত তাদের এই আন্দোলনের জন্য। কিন্তু এখন এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করতে চাইছে। আপনাদের সন্তানদের কাঁধে ভর করে শকুনের দল দেশ ধ্বংসের পাঁয়তারা করছে।

নাসিক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর আলহাজ মতিউর রহমান মতি, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর আলহাজ ওমর ফারুক, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, মাকছুদা মোজাফফর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু ও জেলা কৃষকলীগ নেতা সামছুল আলম বাচ্চু প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/এএম/এসআর

আরও পড়ুন