ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা সিটি পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৬ আগস্ট ২০১৮

 

ঈদের আনন্দে বন্ধুদের সঙ্গে পার্কের রাইডসে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশন পরিচালিত সিটি পার্কে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি ডিগ্রি কলেজের অনার্স (মার্কেটিং) ২য় বর্ষের ছাত্র এবং নগরীর ছোটরা এলাকার খোকন মিয়ার ছেলে।

এ ঘটনার পর বিশেষজ্ঞ সনদ না পাওয়া পর্যন্ত পার্কের সকল রাইডস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পুলিশ।

কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল ইসলাম জানান, ওই কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে পার্কের ভেতর বিদ্যুৎ চালিত মোটরবোর্টে (ঝুলন্ত নৌকা) চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

jagonews24

খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত স্থান এবং ওই রাইডসের নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখে। দুর্ঘটনার পর রাইডস পরিচালনায় নিয়োজিত লোকজন পার্ক ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। রাইডস পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা মামলা না করতে ওই কলেজ ছাত্রের পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

এদিকে পার্কে এ ধরনের রাইডস তৈরি ও পরিচালনায় অভিজ্ঞতা নেই এমন লোকদের হাতে পার্কের বিভিন্ন রাইডস ভাড়া দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রায়হানের মৃত্যুর পর সামাাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় ভাইরাল হয়ে পড়েছে।

রাত পৌনে ১১টায় মুঠো ফোনে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, ‘ওই রাইডসটি বার্ষিক ৩০ হাজার টাকায় বিনিময়ে শরীফ নামের এক ব্যক্তিকে ৩ বছরের জন্য লিজ দেয়া হয়েছে। কিন্তু রাইউসে বিদ্যুৎ সমস্যা নাকি হার্টের সমস্যার কারণে ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে, তা পুলিশ তদন্ত করছে।’

রাইডস পরিচালনায় কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র।

jagonews24

কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, পার্কের ভেতর যে সকল রাইডস স্থাপন করা হয়েছে, বিশেষজ্ঞ দ্বারা এগুলির ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সকল রাইডস বন্ধ রাখতে সিটি মেয়রকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, কলেজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে মামলা কিংবা মরদেহের ময়নাতদন্ত করাতে রাজি হয়নি।

এর আগে ঈদের আগের দিন গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ভাটপাড়া এলাকার ড্রিমল্যান্ড শিশু পার্কের নাগরদোলা নামের একটি রাইডসের পাইপে মাথা আটকে তানিম নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু তানিম (৮) নগরীর ভাটপাড়া গ্রামের জসিম উদ্দিন খানের ছেলে। সে ওই এলাকার একটি মাদরাসার ২য় শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার নিহতের বাবা জসিম খান বাদী হয়ে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে ড্রিমল্যান্ড পার্কের মালিক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করে।

মো. কামাল উদ্দিন/এমবিআর

আরও পড়ুন