বন্ধু হত্যায় বন্ধু-বান্ধবীর বিরুদ্ধে চার্জশিট
নারায়ণগঞ্জের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ ও কাপড় ব্যবসায়ী স্বপন কুমার সাহা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।
চার্জশিটে প্রবীর ঘোষ হত্যাকাণ্ডের ঘটনায় বন্ধু পিন্টু দেবনাথ, আবদুল্লাহ আল মামুন ও বাপেন ভৌমিককে অভিযুক্ত করা হয়েছে। আর স্বপন কুমার সাহা হত্যা মামলায় পিন্টু দেবনাথ, তার বান্ধবী রত্না রানী চক্রবর্তী ও আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে মামলা দুটির তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মফিজুল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এসআই মফিজুল ইসলাম বলেন, দুই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। মামলাগুলো বেশ জটিল ছিল। একেবারেই ক্লুলেস ছিল। সেখান থেকে রহস্য উদঘাটন করা হয়েছে। এতে প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা হবে।
প্রসঙ্গত, গত ১৮ জুন রাতে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। ৯ জুলাই কালীরবাজার এলাকা থেকে পিন্টু দেবনাথ ও বাপেন ভৌমিক বাবুকে গ্রেফতার করে ডিবি। তাদের দেয়া তথ্যমতে, শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রবীর ঘোষের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ২০১৬ সালের ২৭ অক্টোবর নিখোঁজের পর খুন হন ব্যবসায়ী স্বপন কুমার সাহা। রিমান্ডে থাকা অবস্থায় স্বপন হত্যা নিয়ে তথ্য দেন বাবু। স্বপনের বড় ভাই অজিত কুমার সাহা গত ১৬ জুলাই সদর মডেল থানায় একটি হত্যা ও গুমের মামলা করেন। সেখানে পিন্টু দেবনাথ, বাপেন, আব্দুল্লাহ আল মামুন ও রত্না চক্রবর্তীকে আসামি করা হয়।
মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি