আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর চকেরবাড়ী এলাকায় নিজ ঘর থেকে শারমীন আক্তার আঁখি (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা। ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।
নিহতের পরিবার অভিযোগ, আঁখিকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
নিহত আঁখির স্বামী হারুন অর রশিদ মালয়েশিয়া প্রবাসী। তাদের দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আউয়াল আড়াইহাজার থানায় চারজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল নরসিংদীর মাধবদী ছোট বুনাইদ গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, শিমুলতলী এলাকায় রাস্তায় রিকশা ঘোরানোর সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক শফিকুল মারা যান। পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
এ ছাড়াও আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে হাজেরা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাজেরা ওই গ্রামের আলী আহাম্মদের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহাদাত/আরএআর/জেআইএম