গিয়াস উদ্দিন ছিটকে পড়ায় স্বস্তিতে শামীম ওসমান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সাবেক এমপি ও এবারের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন কেবল বিএনপি প্রার্থী শাহ আলম। তবে বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা শামীম ওসমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গিয়াস উদ্দিনকেই ধরে নিয়েছিলেন।
এদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় শামীম ওসমান শিবিরে স্বস্তি ফিরে এসেছে। কারণ ২০০১ সালের নির্বাচনে গিয়াস উদ্দিনের কাছেই পরাজিত হয়েছিলেন শামীম ওসমান। এবার গিয়াস উদ্দিন বিএনপির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু মনোনয়ন বাছাই পর্বে তিনি নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়লেন। এতে শামীম ওসমানের নির্বাচনী মাঠ অনেকটাই ফাঁকা হয়ে গেল।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী বর্তমান এমপি শামীম ওসমান। এ নির্বাচনে শামীম ওসমানই রয়েছেন সবার আলোচনায়। তফসিল ঘোষণার আগে থেকেই তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিলেন। এখনও সেই ধারাবাহিকতাই অব্যাহত রয়েছে।
অপরদিকে নির্বাচনে বিএনপির প্রায় ৫ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি শাহ আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ অন্যতম। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় থাকা মুহাম্মদ গিয়াস উদ্দিনকেই বিএনপি মনোনয়ন দেয়নি।
তারপরও স্বতন্ত্রভাবে প্রচেষ্টা চালাচ্ছিলেন গিয়াসউদ্দিন। বিএনপির মনোনীত প্রার্থীদের থেকে নির্বাচনী এলাকায় তার সাড়াও পড়েছিল বেশ। আর এতেই বেশ চিন্তিত ছিল শামীম ওসমান শিবির। এখন রিটার্নিং অফিসার গিয়াসউদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করায় স্বস্তি ফিরেছে সেখানে।
শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ