ভোটের আগে হঠাৎ দেশ ছেড়েছেন মোহাম্মদ আলী
নারায়ণগঞ্জ বিএনপির এক সময়ের ‘কিং মেকার’ খ্যাত সাবেক এমপি মোহাম্মদ আলী হঠাৎ করেই দেশের বাইরে গেছেন। এ নিয়ে নারায়ণগঞ্জের সর্বত্র আলোচনা চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। তার আগে ২৬ ডিসেম্বর (বুধবার) মোহাম্মদ আলীর দেশ ত্যাগের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে তার পরিবার থেকে বলা হচ্ছে, মোহাম্মদ আলী অসুস্থতার কারণে ব্যাংককে চিকিৎসার জন্য গেছেন। চিকিৎসা শেষে নির্বাচনের আগেই দেশে ফিরবেন তিনি।
মোহাম্মদ আলীর ভাতিজা ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন বলেন, অসুস্থ হয়ে যদি কেউ দেশের বাইরে চিকিৎসা করাতে যায় সেটা নিয়েও আলোচনা করতে হবে? যারা মোহাম্মদ আলীর বিদেশ যাওয়া নিয়ে সমলোচনা করে তারা ভুল করছেন। তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন, চিকিৎসা শেষ করে আবার দেশে ফিরবেন। আশা করা হচ্ছে আগামীকাল ২৮ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী এবারের নির্বাচনে প্রকাশ্যে সরকার দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেমেছিলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের পক্ষে মাঠে নেমে কাজ করেছেন এবং তার লোকদের ভোট দেয়ারও আহ্বান করেছিলেন।
এছাড়া তিনি প্রকাশ্যে নারায়ণগঞ্জের এ দুই প্রার্থীর জন্য ভোটও চেয়েছেন। এতে করে ব্যাপক আলোচনায় আসেন মোহাম্মদ আলী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলছেন, মোহাম্মদ আলী মূলত এবারের নির্বাচনে মাঝখানের ভূমিকায় ছিলেন। নিজের অবস্থানের কারণে বেশ কিছু ভোটারও ছিল তার নিয়ন্ত্রণে। কিন্তু হঠাৎ করে মোহাম্মদ আলীর দেশত্যাগ নিয়ে নেতাকর্মীরা বেশ হতাশ হয়ে পড়েছেন।
জানা গেছে, মোহাম্মদ আলী এক সময় সরাসরি বিএনপির রাজনীতি করতেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে তিনি এমপিও হন, যেটার স্থায়ীত্ব ছিল অল্পদিনের। তার হাত ধরে বিএনপির অনেক নেতার উত্থান। তবে বিএনপির রাজনীতি করলেও সব দলেই ছিল তার বেশ কদর। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব দলের লোকজনদের কাছে তিনি ছিলেন আস্থার জায়গা। সে কারণে বিএনপির অনেকের কাছেই তিনি ‘পীর সাহেব’ হিসেবেই পরিচিত।
শাহাদাৎ হোসেন/এফএ/এমকেএইচ