ফেনীতে চার তরুণী গণধর্ষণ : ধরাছোঁয়ার বাইরে মূলহোতা
প্রতীকী ছবি
ফেনী শহরের রামপুর এলাকায় ছয় মাস ধরে চার তরুণীকে আটকে রেখে গণধর্ষণ মামলার তিনদিন অতিবাহিত হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূল হোতা। মামলার প্রধান আসামি কাওসার বিন কাসেমকে (৩৩) গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত মো. ওমায়ের (১৯) ও আরিফুল ইসলাম প্রকাশ আরমান (৩৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ৭ জানুয়ারি সোমবার নির্যাতনের শিকার তরুণীদের পক্ষে একজন বাদী হয়ে কাওসার বিন কাসেমসহ (৩৩) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ফেনী সদর হাসপাতালে চার তরুণীর শারীরিক পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য ফেনীর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় আদালতকে তারা তাদের ওপর চলা অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন।
ওই তরুণীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘ ছয় মাস ধরে ওই বাসায় বিভিন্ন স্থান থেকে প্রলোভন ও প্রেমের অভিনয় করে অভিনব কৌশলে কাওসার বিন কাসেমসহ তার সহযোগীরা ওই তরুণীদের বাসায় এনে জোরপূর্বক মাদক সেবন করিয়ে গণধর্ষণ করে। এমনকি বিভিন্ন সময় অজ্ঞাতনামা কিছু লোকজনকে বাসায় নিয়ে এসেও একই কায়দায় তাদের সঙ্গে দৈহিক মিলনে বাধ্য করা হতো। এতে কেউ অসম্মতি জানালে তাদেরকে সিগারেটের ছ্যাঁকা, বৈদ্যুতিক শক ও মারধর করে বিভিন্নভাবে অমানুষিক নির্যাতন চালানো হতো। তাদের ওপর নেমে আসত অমানুষিক নির্যাতনের খড়গ। তাদেরকে আবার হত্যার হুমকিও দেয়া হতো। এভাবে উদ্ধারকৃত বাদীসহ চার তরুণী তাদের ওপর চালানো যৌন নিপীড়ন ও অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন।
সোমবার সকালে ওই বাসার ভেতরে তরুণীদের কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার মালিকসহ নির্যাতনকারীরা পালিয়ে যায়। পরে ওই বাসার দরজার তালা ভেঙে চার তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এদিকে মঙ্গলবার গভীর রাতে শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ওমায়ের (১৯) ও আরিফুল ইসলাম প্রকাশ আরমান (৩৩) নামে দুই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পরদিন বুধবার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় তদন্ত কর্মকর্তা ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান।
ফেনী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রিমান্ড শুনানির কথা থাকলেও আদালতে এ মামলার শুনানি হয়নি। পুলিশ মামলার প্রধান আসামি কাওসার বিন কাসেমকে গ্রেফতারের চেষ্টা করছে।
রাশেদুল হাসান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর