ফতুল্লায় বিকট শব্দে ক্যামিকেলের গোডাউনে বিস্ফোরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানার কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ফতুল্লার পাগলা ইসলামিয়া বউবাজার এলাকায় অবস্থিত বোম্বে ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বউবাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় বোম্বে ডাইংসহ আশপাশ। ওই সময় লোকজনের যাতায়াত কম ছিল। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার তৃতীয় তলার ছাদ বিস্ফোরণে দীর্ঘ ছিদ্র হয়ে ভবনের দেয়াল ভেঙে গেছে। দেয়ালে লাগানো এসি অনেক দূরে ছিটকে পড়েছে। কারখানার দেয়ালের ইটের আঘাতে আশপাশের বাড়ির দরজা, জানালা, গ্রিল, টিনের চালের ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, চারতলা বিশিষ্ট কারখানার দ্বিতীয় তলায় কেমিক্যালের গুদাম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের কয়েকটি দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ও ফতুল্লার দুইটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনে কারখানার বেশ কিছু কেমিক্যাল, মেশিন ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গুদামে রাখা কেমিক্যালের কোনো ড্রামের বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই ইলিয়াস বলেন, বোম্বে ডাইং কারখানার মালিক পক্ষের কারও সন্ধান পাইনি। একজন দারোয়ান কারখানার সামনে বসে থাকে, তবে সে মালিকপক্ষের বিষয়ে কিছুই বলতে পারছে না।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ২ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৪ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৫ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার