ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টার মাথায় স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০২ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টার পর স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগরের বাবা ইদ্রিস আলীর (৯৮) মৃত্যু হয়। ইদ্রিস আলীর মৃত্যুর ৬ ঘণ্টা পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মারা যান তার স্ত্রী রিজিয়া বেগম (৮৫)।

ওই দম্পতির আত্মীয় সেলিম হক দিপু জানান, সোমবার দিবাগত রাত ৩টায় হাজি ইদ্রিস আলীর মৃত্যু হয়। পরে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় পাইকপাড়া স্কুল মাঠে জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়। দাফনের আধা ঘণ্টা পর বেলা ১১টায় স্বামীর মৃত্যু শোকে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী রেজিয়া বেগম। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আরিফ জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্য হয়েছে।

মঙ্গলবার বাদ আসর পাইকপাড়া স্কুল মাঠে নিহত রিজিয়া বেগমের জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানেই তার লাশ দাফন করা হয়।

শাহাদাত হোসেন/এমবিআর/পিআর

আরও পড়ুন