সিলিন্ডার বিস্ফোরণে কোমরে শিকল বাঁধা যুবকের মৃত্যু
নওগাঁয় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে কৌশিক লাহেরি (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের পার-নওগাঁ মহল্লার মরছুলা বালিকা বিদ্যালয়ের পাশে একটি ফ্ল্যাটের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। কৌশিক লাহেরি নওগাঁ নেসকো প্রকৌশলী সঞ্জয় লাহেরির ছেলে। কৌশিক মানসিক প্রতিবন্ধী বলে তার পরিবার জানায়।
স্থানীয়রা জানান, সঞ্জয় লাহেরির এক ছেলে ও স্ত্রীকে নিয়ে ওই মহল্লায় বাসায় ভাড়া থাকতেন। কৌশিক মানসিক প্রতিবন্ধী। বাড়ির বাইরে তেমন একটা বের হয় না। প্রতিবন্ধী হওয়ায় তার কোমরে শিকল লাগানো থাকতো। ঘটনার সময় কৌশিক বাড়িতে একা ছিল। দুপুরে ওই বাড়ির তৃতীয় তলায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে প্রতিবেশীরা ছুটে যায়। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে দেখে রান্নাঘর থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেখানে কৌশিকের লাশটি পড়েছিল।
স্থানীয়রা ধারণা করছেন, কৌশিক রান্নাঘরে গিয়ে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন থেকেই তার মৃত্যু হয়।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দরজা ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে দগ্ধ হয়ে মারা যায় কৌশিক। গ্যাসের সিলিন্ডারটি মরদেহের দুইপায়ের মাঝে ছিল এবং তার কোমরে একটি শিকল বাঁধানো ছিল। শুধু রান্নাঘরের জিনিসপত্র পুড়েছে। অন্য ঘরের কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।।
আব্বাস আলী/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
- ২ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
- ৪ এমডি-জিএম সিন্ডিকেটে বিটিসিএল উত্তরাঞ্চলে চরম অস্থিরতা
- ৫ তারাবির সময় বিকট শব্দে রেসিং, ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ভাঙচুর