ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাবারের সঙ্গে ১০০ প্যাকেট ইয়াবা খেলেন তাজুল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৯

পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মো. তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১-এর সদস্যরা।

গ্রেফতারকৃত তাজুল ইসলামের পেটের ভেতর থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার তাজুল ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভারগাঁও দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে বাসযোগে ঢাকায় এসে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিতেন তাজুল ইসলাম।

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন, গোপন সংবাদে জানা যায় নারায়ণগঞ্জের এক ইয়াবা পাচারকারী কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছেন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে অভিযান চালিয়ে একটি বাস থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারের পর তাজুল ইসলাম ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে যায়। এ অবস্থায় হাসপাতালে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভেতর অসংখ্য ইয়াবা রয়েছে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর‌্যায়ে তাজুল ইসলাম স্বীকার করেন তার পেটের ভেতর ১০০ প্যাকেট (প্রতিটি প্যাকেকে ৩০টি) ইয়াবা রয়েছে। কক্সবাজারে বসে খাবারের সঙ্গে ১০০ প্যাকেট ইয়াবা গিলে খান তিনি। পরে হাসপাতালের টয়লেটে গিয়ে ১০০ প্যাকেট ইয়াবা বের করে দেন তাজুল ইসলাম।

দীর্ঘদিন ধরে পেটের ভেতর ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ-ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি এবং সরবরাহ করে আসছেন বলে স্বীকার করেছেন তাজুল ইসলাম। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।

হোসেন চিশতী সিপলু/এএম/পিআর