সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা ওয়াসা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী ডেমু ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় পুনরায় এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, রোববার দুপুর ১টা ৪০মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ডেমু (নারায়ণগঞ্জ কমিউটার-৪) ট্রেনটি দুপুর ২টার দিকে পাগলা ওয়াসা এলাকায় পোঁছালে একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও ট্রেনের তেমন কোনো ক্ষতি হয়নি। পরে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ট্রেনটি লাইন থেকে সরানোর পর রাত সাড়ে ৮টা থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, ঘটনার পর ঢাকা থেকে উদ্ধারকারীরা গিয়ে লাইন মেরামত করে ট্রেনের বগিটি লাইনে তোলার কাজ শুরু করে। রাত সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস