মেহেরপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে জবুথবু অবস্থা
মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে হঠাৎ করেই নেমে গেছে তাপমাত্রা। সকাল ৬টায় এই দুই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বৃদ্ধি পায়। গত দুদিনে তীব্রতা বৃদ্ধি পেয়ে জনজীবনে শীতের বিরূপ প্রভাব পড়ে। বুধবার সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়া বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীত জেঁকে বসে। এ অবস্থায় সন্ধ্যার পরই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। কমে যায় মানুষের চলাচল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর থেকে তীব্র শীতে মেহেরপুর ও চুয়াডাঙ্গার মানুষের জবুথবু অবস্থা হয়। খেটে খাওয়া মানুষ ও শ্রমিকরা অন্যদিনের মতো রাস্তায় বের হননি। দু-চারজন যারা কাজের সন্ধানে বের হয়েছিলেন তাদের কষ্টের সীমা ছিল না। শীত নিবারণে গরম পোশাকের পাশাপাশি আগুন পোহাতে দেখা গেছে বস্তির বাসিন্দাদের।
মেহেরপুর কাঁচা বাজারের শ্রমিক কামদেবপুর গ্রামের ইমাদুল হক বলেন, প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে বাজারে আসতে হয়। সকালে প্রচণ্ড শীতে বের হতে পারিনি। ৯টার দিকে সূর্য উঠলেও শীত কমেনি। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ শীত।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বলেন, মঙ্গলবার রাত থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আসিফ ইকবাল/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ