ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক প্রধান শাখায় (ট্রেজারি শাখা) ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ছয় কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামাল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সন্ধ্যায় দুদকের কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িযা সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়স্থ সোনালী ব্যাংকের প্রধান শাখার (ট্রেজারি) ব্যবস্থাপক সিরাজুল হক, ফজলুর রহমান, সিনিয়র অফিসার (ক্যাশ) মোতাহার হায়দার মোল্লা, অফিসার (ক্যাশ) মিজানুর রহমান, খলিলুর রহমান, আবদুল ওয়াদুদ এবং হিসাবরক্ষণ অফিসের ১৮ জন কর্মকর্তা কর্মচারী।

মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা জাগো নিউজকে জানান, ২০০৬ সালের মার্চ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি র্পযন্ত ২৬০০ থেকে ২৭০০ পেনশন গ্রহীতার এক মাসের প্রাপ্ত টাকা একাধিকবার উত্তোলন দেখিয়ে এবং মোটা অংকের টাকার যোগফলে ইচ্ছাকৃতভাবে ভুল করে পরস্পরের সঙ্গে যোগসাজসে  টাকা আত্মসাত করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের ঘটনাটি ধরা পড়লে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা দায়েল করেন। আদালত মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কুমিল্লা সমন্বিত কার্যালয়কে নির্দেশ দেন। মামলাটি অনুসন্ধানের জন্য দুদকের তৎকালীন সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও উপসহকারী পরিচালক হুমায়ুন কবিরকে যৌথভাবে অনুসন্ধানের দায়িত্ব দেয়।

দীর্ঘদিন অনুসন্ধানের করে তা অসম্পন্ন রেখে সহকারী পরিচালক রফিকুল ইসলাম অন্যত্র বদলি হয়ে যাওয়ায় ২০১৪ সালে পরবর্তী সহকারী পরিচালক নুরুল হুদা ও উপ-সহকারী পরিচালক আতাউল কবিরকে তদন্তের দায়িত্ব নেন। তারা মামলাটি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায়।

এরপর গত বছরের মার্চ মাসে দুদকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মামলার প্রস্তাব পাঠানো হয়। পরে সোমবার সন্ধ্যায় দুদক কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ মামলা দায়েরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/বিএ