মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ২ টন ত্রাণের চাল উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে দুই টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের জন্য বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার নেতৃত্বে চালগুলো উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখা হয়।
এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়ার তার নিজ বাসায় এনে রাখেন।
সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে। এরপর চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের পরিদর্শক সানজিদ ঘটনাস্থলে আসেন এবং ওই বাসায় ত্রাণের চালের মজুতের বিষয়ে খোঁজখবর নেন।
চাঁদপুর সদর উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সরকারি ত্রাণ কিংবা কোনো বরাদ্দের চাল নিজ বাড়িতে নিয়ে রাখার নিয়ম নেই। আমাদের যত বরাদ্দ আসে সেগুলো গোডাউন থেকে সরাসরি পরিষদের গোডাউনে নিয়ে রাখি। অনেক সময় সরাসরি বিতরণকৃত এলাকায় নিয়ে তালিকাভুক্ত লোকদের হাতে তুলে দেই।
মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা বলেন, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরিবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশপাশের লোকদের দেব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি তার তত্ত্বাবধানে চাল ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। তিনি গোডাউনে আনার ব্যবস্থা করেছেন। যদি গরিবদের দিতে হয় উপজেলা থেকেই দিতে হবে। অসৎ উদ্দেশ্যে বাসায় নিয়ে ত্রাণের চাল রেখেছেন ওই চেয়ারম্যান।
এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা