পেনশনের টাকায় কর্মহীনদের উপহার দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৪ শতাধিক বেকার ও দুস্থ পরিবারের মাঝে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার পেনশনের টাকায় খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।
গতকাল শনিবার উপজেলার বড়শালঘর গ্রামের চেয়ারম্যান বাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ওই ইউনিয়নের মরহুম চেয়ারম্যান আবদুল জলিলের বড় ছেলে অবসরপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক মো. ফয়েজুর রহমান।
জানা যায়, করোনাভাইরাসের কারণে ওই ইউনিয়নের অনেক লোক কর্মহীন হয়ে পড়েন।অনেকের ঘরে খাবারও নেই। তাদের এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ওই গ্রামের সন্তান অবসরপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক মো. ফয়েজুর রহমান।
তিনি ২ মাসের পেনশনের টাকা সঞ্চয় করে প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, সেমাই, চিনি, সাবান ও তেল উপহার দেন।

এ বিষয়ে ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, সরকারের একার পক্ষে করোনার এই ভয়াবহ সংকট মোকাবেলা করা সম্ভব নয়, অনেক লোক কর্মহীন হয়ে পড়েছেন। তাই মানবিক কারণেই নিজের পেনশনের টাকা সঞ্চয় করে সাধ্যমতো কর্মহীন লোকদের জন্য কিছু খাদ্য সামগ্রী উপহার দিয়েছি, যদিও তা একটি ইউনিয়নে চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়।
তিনি আরও বলেন, সমাজের সকল বিত্তবানদের উচিত এ সময়ে কর্মহীন ও দুস্থ লোকদের সহযোগিতা করতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। ভবিষ্যতেও ওই চেয়ারম্যান পরিবারের পক্ষ থেকে অনুরুপ জনহিতকর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নারায়ন সরকার, রফিক মাষ্টার, মাজিদুল ইসলাম, স্থানীয় জয়নাল হাজারী ও সলিম সরকার উপস্থিত ছিলেন।
মো. কামাল উদ্দিন/এমএএস/এমকেএইচ