ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলপ্রতি এক পয়সা কেটে নিয়ে কোভিড তহবিল গঠনের পরামর্শ ড. আতিউরের

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:১০ পিএম, ১৩ জুন ২০২০

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, এবারের বাজেট বেঁচে থাকার বাজেট। এই বাজেটে সরকারকে স্বাস্থ্যখাতে আরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সরকারকে কোভিড-১৯ মোকাবিলায় তহবিল গঠন করতে হবে। এই তহবিলের টাকা আসবে আমাদের সবার ফোন কল থেকে। আমরা সবাই যখন মোবাইলে কথা বলব, ইন্টারনেট ব্যবহার করব তখন আমাদের ফোনকল থেকে এক পয়সা করে কেটে নিয়ে তহবিলে জমা করতে হবে। এই উদ্যোগ সরকারকেই দ্রুত নিতে হবে। তবেই কোভিড-১৯ মোকাবিলা করা যাবে।

শনিবার (১৩ জুন) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের আয়োজনে ১২তম ওয়েব সেমিনারে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ড. আতিউর। ‘বাংলাদেশে দুর্যোগকালীন বাজেট’ শীর্ষক ওয়েব সেমিনারে আলোচক হিসেবে অংশ নিয়ে দুর্যোগকালীন বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

কুবির সমাজ গবেষণা গ্রুপের সমন্বয়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণকুমার সাহার পরিচালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিমত, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট মহামারিতে পুরো বিশ্ব থমকে আছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। আটকে গেছে ক্লাসের পাঠ। থেমে গেছে জ্ঞানের চর্চা। ঘরবন্দি সময়টা সমসাময়িক বিষয়ে চিন্তা আর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় কিছুটা ভূমিকা রাখবে আজকের ওয়েব সেমিনার।

কামাল উদ্দিন/এএম/এমকেএইচ