ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ
গাজীপুর থেকে অপহৃত শিশু আব্দুল্লাহকে (৫) দুইদিন পর মাদরীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মধ্যপাড়া এলাকার প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। শুক্রবার (১০ জুলাই) সকালে নগরীর গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
অপহৃত শিশুটির মা সাজেদা আক্তার জানান, তার স্বামী আব্দুল কাদের গ্রিস প্রবাসী হওয়ায় ছেলে আব্দুল্লাহকে নিয়ে ঘরে তিনি একাই থাকতেন। বাড়িতে কয়েকটি ঘরে ভাড়াটিয়া থাকলেও একটি ঘর খালি ছিল। গত ৭ জুলাই দুপুরে অজ্ঞাত পরিচয় এক নারী ঘর ভাড়া নেয়ার জন্য আসেন। পরে দুই হাজার টাকায় তিনি ঘরটি ভাড়া নেন। পরদিন ৮ জুলাই দুপুর ১২টার দিকে ওই নারী সাজেদার ছেলে আব্দুল্লাকে কোলে নিয়ে কিছু কিনে দেয়ার কথা বলে বাসা থেকে বের হন। যথা সময়ে ছেলেকে নিয়ে বাসায় না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সাজেদার মোবাইলে একটি ফোন আসে। ফোনে ওই নারী আব্দুল্লাহকে অপহরণের কথা জানান এবং মুক্তিপণ বাবদ সাত লাখ টাকা দাবি করেন। অপহরণের বিষয়টি পুলিশে জানালে আব্দুল্লাহকে খুন করে লাশ গুম করার হুমকি দেন।
গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মালেক খসরু খান জানান, ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিশুটিসহ অপহরণকারীরা মাদারীপুর জেলায় অবস্থান করছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর এলাকায় এসআই উদয়ন বিকাশ বড়ুয়া, এএসআই তরুণ কুমার দাস, এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবচরের কাঁঠালিয়া ঘাট এলাকায় রাস্তায় শিশু আব্দুল্লাহকে ছেড়ে অপহরণকারীরা পালিয়ে যান। এ ঘটনায় আব্দুল্লাহর মা সাজেদা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি-কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজি কার্ড দেওয়া হোক
- ২ ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করছে: চরমোনাই পীর
- ৩ ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির
- ৪ বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না
- ৫ আমাদের সম্ভাবনা দেখে কারো কারো ধৈর্যচ্যুতি ঘটছে: মঞ্জু