টাকার অভাবে থেমে আছে তাশমিমার চিকিৎসা
চাঁপাইনবাবগঞ্জে হাইড্রোসেফেলাস রোগে আক্রান্ত শিশু তাশমিমা চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে। আর্থিক সামর্থ্য না থাকায় উন্নত চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা মহল্লার মোটরসাইকেল মেকানিক তোজাম্মেল হক তার ১৫ মাস বয়সী মেয়ে তাশমিমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।
তাশমিমার মা লাভলী বেগম জানান, দ্বিতীয় সন্তান তাশমিমা গর্ভে আসার পর আল্ট্রাসনোগ্রাম করে জানতে পারি বাচ্চার মাথা স্বাভাবিকের থেকে কিছুটা বড়। এরপর স্থানীয় একটি ক্লিনিকে সিজার করে জন্ম হয় তাশমিমার। কিন্তু জন্মের পর থেকেই নরম তুলতুলে মাথা নিয়ে বিপদে পড়ি। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ধারদেনা করে রাজশাহী নিয়ে গিয়ে একজন চিকিৎসককে দেখায়। এ সময় ওই চিকিৎসক বলেন এর চিকিৎসা করতে অনেক খরচ হবে। টাকার ব্যবস্থা করতে না পারায় মেয়েকে বাড়ি নিয়ে চলে আসি এবং হোমিও চিকিৎসা করায়। কিন্তু দিন দিন তার মাথার আকৃতি আরও বড় হতে থাকে। এখন আর কোনো চিকিৎসা করাই না।

তাশমিমার বাবা তোজাম্মেল হক জানান, মোটরসাইকেল মেরামত করে যে রোজগার হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মেয়ের মাথা অস্বাভাবিক বড় হওয়ায় পরিবারের অন্যরা তাকে দেখভাল করতে পরে না। মাথা এতো নরম যে মনে হয় মাথার মধ্যে আঙুল ঢুকে যাবে। তাই ভয়ে কেউ কোলেও নেয় না। সেকারণে নিয়মিত দোকানে যেতে পারি না। এতে করে আয় রোজগার আরও কমে গেছে।
তিনি বলেন, তাশমিমার চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেছি।
এ অবস্থায় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে হয়ত তাশমিমার চিকিৎসার ব্যবস্থা হবে এবং স্বাভাবিক জীবনে ফিরবে এমনই আশা তার পরিবারের।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, বিষয়টি আমরা জেনেছি। জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদফতরের সমন্বয়ে ওই শিশুর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুল্লাহ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা