১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার করা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টা পর রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজীবাজার স্টেশন মাস্টার কাইয়ুম ইসলাম। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার শেষে লাইন মেরামত করা হয়। রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল শুরু করে।
এদিকে দুর্ঘটনার তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এর প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীনকে। ৪ সদস্য বিশিষ্ট এ কমিটিকে ৩ দিনের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে। অপরটি বিভাগীয় তদন্ত কমিটি। এর প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাণিজ্যিক পরিবহন কর্মকর্তা (দ্বিতীয়) মাইনুল ইসলামকে। ৫ সদস্য বিশিষ্ট এ কমিটিকেও ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন। তিনি বলেন, রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শেষ হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌছলে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলোর মধ্যে ২টি তেলের ট্যাংক লিকেজ হয়ে ডিজেল পড়তে থাকে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নারী, পুরুষ, শিশুরা বালতি, মগ, হাড়ি নিয়ে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই রাস্তায় ভেসে যাওয়া তেলও সংগ্রহ করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টা শেষে রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।
রেল কর্তৃপক্ষ জানায়, লিকেজ হওয়া দুটি ট্যাংকে প্রায় ৮০ হাজার লিটার ডিজেল ছিল, যার অধিকাংশই পড়ে গেছে। এ তেলের বাজারমূল্য অন্তত ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা