ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহিউদ্দিন হত্যা : আসামি ফয়সালের ৫ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২০

কুমিল্লার মেঘনার ওষুধ ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন হত্যা মামলার এজাহারনামী আসামি ফয়সাল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ঢাকার সানারপাড় এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সে মেঘনা উপজেলার শিবনগর গ্রামের মো. হাফেজ আহম্মেদের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ২০ ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও মেঘনা থানার এসআই নাজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সানারপাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম মহিউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ফয়সাল মিয়া পালানোর চেষ্টাকালে তাকে একটি মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। অপর পলাতক আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গত ১২ নভেম্বর সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ এলাকার লোকদের উপস্থিতিতে সালিশ বৈঠক শেষে জমি পরিমাপ করার সময় প্রতিবেশী লুৎফর রহমানের নেতৃত্বে গোলাম মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে ১৪ নভেম্বর মুজিবসেনা ঐক্যলীগের কেন্দ্রীয় নেতা লুৎফর রহমানকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মেঘনা থানায় মামলা দায়ের করেন।

মো. কামাল উদ্দিন/এমআরএম/জেআইএম