যুবলীগকর্মী হত্যা মামলায় কুসিক কাউন্সিলর গ্রেফতার
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার। তিনি কুমিল্লায় চাঞ্চল্যকর যুবলীগকর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। এছাড়া তিনি ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী।
মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার একটি টিম মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে তাকে ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করে। পরে কুমিল্লা কার্যালয়ে নিয়ে আসে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান।
পিবিআই সূত্রে জানা যায়, জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যাকাণ্ডের পর দায়ের করা মামলার আসামি কাউন্সিলর আবদুস সাত্তার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। একেক সময় তিনি একেক স্থানে অবস্থান করছিলেন।
পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদ ছিল কয়েক দিন ধরে ঢাকার শাহবাগ থানা এলাকায় অবস্থান করছেন কাউন্সিলর আবদুস সাত্তার। খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকেলে তাকে গ্রেফতার করার পর রাতে কুমিল্লায় নিয়ে আসা হয়। তিনি জিলানী হত্যা মামলার দুই নম্বর আসামি। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন চেয়ে বুধবার (২৭ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।
এদিকে রাতে মামলার বাদী ও নিহতের ছোট ভাই মো. ইমরান হোসাইন চৌধুরী ফোনে অভিযোগ করেন, এ মামলায় বেশিরভাগ আসামি জামিনে এসে লোকজন নিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন। তিনি অবিলম্বে আসামিদের জামিন বাতিলসহ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার দাবি জানান।
গত বছরের ১১ নভেম্বর সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা বাজারে সশস্ত্র সন্ত্রাসীরা জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই মো. ইমরান হোসাইন চৌধুরী। মামলায় মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ওরফে রিন্টু, সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর আবুল হাসান, আবদুস সাত্তার এবং সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ওরফে খলিলসহ ২৪ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে ঘটনার দিন পুলিশ আব্দুল কাদের নামের এজাহারনামীয় এক আসামি এবং মামলাটি পিবিআইতে আসার পর নুরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে। এরমধ্যে এ মামলায় এজাহারনামীয় ১৫ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন লাভ করেছেন। গত ৩০ নভেম্বর থেকে মামলাটি তদন্ত করছে পিবিআই।
কামাল উদ্দিন/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল
- ২ পটুয়াখালীতে মারধরে সবজি বিক্রেতার মৃত্যু: সেই যুবদল নেতা বহিষ্কার
- ৩ চুয়াডাঙ্গায় পোশাকের দামের গরমিল, দুই দোকান মালিককে জরিমানা
- ৪ মেয়েকে নিয়ে বাটার শো-রুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা
- ৫ মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫