যশোর জেলা পরিষদ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
যশোর জেলা পরিষদ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) সংলগ্ন এই মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা জানিয়েছেন। বুধবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা বলছেন।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মার্কেটের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারিক হাসান বিপুল সাংবাদিকদের জানিয়েছেন, মার্কেটের পুব পাশের কালু মিয়া, শাহিন, পলাশ, মকবুল, গফুর, বাবু, আমির, হোসেনেরসহ ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন। কিন্তু আগুনে ৮০ থেকে ৯০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামালউদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমাদের চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, মার্কেটের পেছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনও কারণে আগুন লাগতে পারে।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যশোর কোতয়ালী খানার ওসি তাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
মিলন রহমান/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ২ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৩ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- ৪ ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
- ৫ এবারও ক্যাম্পেই ঈদ রোহিঙ্গাদের, দেশে ফিরতে না পারার কষ্ট